মো.আজাদ হোসেন।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সবজি বিক্রেতার ছুরিকাঘাতে মধু (৬০) নামের ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত আটটার দিকে কার্পাসডাঙ্গা বাজারের মুচি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মধু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচি বটতলায় ফুটপাতে ভ্যানে করে ফল বিক্রি করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী আবু সাইদ জানান, শুক্রবার সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানোর মত তুচ্ছ বিষয় নিয়ে সবজি বিক্রেতার সাথে ফল বিক্রেতা মধুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে উত্তেজিত সবজি বিক্রেতা কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার রড মধুর বুকে ঢুকিয়ে দেয়। এতে মধু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.শামসুজ্জোহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মধুর মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার বুকের ভিতরের প্রধান শিরা কেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, ফুটপাতে সবজি ও ফল বিক্রেতার মধ্যকার বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। খবর পাওয়ার পর তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই নির্মম হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আজাদ হোসেন/চুয়াডাঙ্গা ০১৭১১-২১৭৩৯০